দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জানুয়ারিজুড়ে দেশে একাধিক দফায় তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।
বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে।
তবে জানুয়ারি মাসে সার্বিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম বলেন, জানুয়ারি মাসে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৮–১০ বা ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র, তখন তাপমাত্রা নেমে যেতে পারে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে।
তিনি আরও বলেন, জানুয়ারি মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকলেও শৈত্যপ্রবাহের সময় জনজীবনে স্থবিরতা দেখা দিতে পারে।
এদিকে গতকাল দেশের সাতটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীতের তীব্রতা সাময়িকভাবে কমতে পারে। তবে আগামীকাল রোববার থেকে আবারও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে এবং শনিবারও এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে তাপমাত্রা আবার কমে যেতে পারে।
উল্লেখ্য, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

